বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

এইসব বেওয়ারিশ শব্দজট বা জোট


যে বিকেলে সব আলো ধ্বসে পড়েছিল ,
প্রথম বিরামের সূত্রপাত কমা দিয়ে
আর তার পরিণতি উত্তুংগ দাড়িতে ।
মাঝে বিসর্গের দুটো শূন্যতায় ভর করে
যেসব বিসর্গ আর শূন্যভাব চেপে বসেছিল
সেইসব রোদ্দুরের ভেলায় ,
তাকে দেখে বিস্ময়বোধে বিস্ময়সূচকতা জাগে
আলোয় ঝিমিয়ে পড়া এঞ্জেলোপুলিসের সেইসব
 উল্টো হয়ে ঝুলে থাকা মৃত ভেড়ার দলের ।
এইসব দিন শেষে আমি যখন নামতে থাকি
আমার ভেতরের ঘুরানো সিঁড়ি বেয়ে আমার ভেতরের
সমতলে , আর আমার চারপাশে ভেতরের আয়না জুড়ে
পরিবর্তনকারী প্রভাবক আর তীব্র রাসায়নিক পদার্থের
ধাঁচে আমার বদলে যাওয়া প্রতিবিম্ব । আমারই অবয়ব
শত সহস্র  । আমারই প্রশ্বাস ভেজা আর্তনাদ আর কতিপয়
প্রতীক্ষাজনিত স্থবিরতা ; যদিও আমি জীবজ , জৈবিক,
যাবজ্জীবন কোন গতিরই নিরীক্ষক নই ,শিষ্য নই ।
আমার বুঝতে পারা নিজেকে না বুঝার , নিজের সংখ্যালঘু
অস্তিত্বের সাথে সংখ্যাগরিষ্ট অস্তিত্বকে মানিয়ে নেবার ,
তবু দিনশেষে নামহীন ক্ষণিকতায় আমিই আমায়
সর্বোচ্চ গ্রহণকারী , সর্বোচ্চ ত্যাগকারী ।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

নষ্ট গল্প



যখন আগুন আর রৌদ্র খণ্ডনের গল্প পূবের বাতাসে মিশেছিল ,
আর চকমকি পাথরের ঠোকাঠুকিতে নিমেষেই আগুন জ্বলে উঠেছিল ,
আর্তনাদ ময় চিৎকারে আর পূবের বাতাস তাকে এনে দিয়েছিল
অবাধ প্রশ্রয় ।

যদি নিমেষ মাত্রই হাহাকার তবে অন্য আশ্রয়ের খোঁজ - আবার
সেই পুরনো নষ্ট গল্পের ঝোঁক । আলো আর কালোর মিশেলে
কালোর প্রাখর্য - নষ্ট গল্পের শিরোনাম । আর জারণ শিখায়
বাতাসে এসে মেশে ফুসফুস পোড়া ঘ্রাণ ।

ভেজা বাতাসে নীল গোলা জল, উত্তপ্ত নেশাতুর বিকীর্ণ মেদুর ,
অগণিত রৌদ্র পোড়ার গান , ভেজা বাতাসে বাজে চামড়ার পোড়া ঘ্রাণ ,
আর সমাপ্তি তব আত্মসংঘাতী কল্পনায় , নষ্ট গল্পের খসড়া আর মহড়া
তখন ভাগাড়ের চুলায় ।

" কায়ায় কায়ায় মায়ার ফাঁদ" - মিছে মাংস , চামড়া আর রক্তের পাহাড়
এক শীর্ণ জীর্ণ কে ঘিরে ...

প্রতীক্ষা



আমার নিঃশ্বাসটুকু আটকে ছিল এগারটা বাইশ আর তেইশের মাঝখানে ,
ওর ছোট্ট ''না'' টুকুও ততখানি উপেক্ষিত ৬০ সেকেন্ডে আঘাত হানল
আমার ভিতরে ।
লাকসাম রেইলওয়ে জংশন , আমি বসে আছি আমাকে নিয়ে ,
বসিয়ে রেখেছি তাকে ঘিরে আমার সমস্ত অখণ্ড খণ্ডিত আলাপন আর
কল্পবিলাসিতাকে ।
লাইনম্যানের সবুজ পতাকা আর আমার বুকের ভিতরে ক্ষয়ে যাওয়া
লাল গোলাপের কাঁটার বিদ্ধতায় জমে থাকা কালচে রক্ত ,
আমার বুকের ভেতরের লাল তার শ্বেত ক্যামেলিয়াকে
কি কখনই রাঙ্গায়নি ?
ভোর রাতে শুকতারার আলোয় পৃথিবীর প্রথম দুটি পাখির
আকাশে উড়ে যাওয়া আর ডানা মেলে দেওয়া মুক্তবিহংগের
অবোধ আলাপে আমার প্রতিক্ষণে হারিয়ে যাওয়া,
এসবই কি নিমেষ মাত্র ?
সকাল আটটায় লোকাল বাসে অফিসগামীদের উপচে পড়া ভিড়ে
আমি ক্রমাগত কক্ষচ্যুত হয়ে পড়ি আর হারিয়ে যাই ভিড়ের তলে ,
যদিও কেউ খুঁজে নেয় না , তবু হঠাত করেই সস্তা কাজের ভিড়ে
যখন বেজে উঠে সেলফোনের টুংটাং , আমি আরও একবার হারাই
বিগত হাসি-কান্না , হীরা-পান্নার উপাখ্যানে ।
প্রখর ঝলসানো রৌদ্রে ট্র্যাফিক জ্যামে ঘামের কড়াইতে ভেজে উঠা ,
আমার পিঠে ওদের লাগাম ছাড়া ছুটোছুটি আর মেঝেয় শত
আনন্দিত কলরবের লুটোপুটি ।
বিষণ্ণ নীলচে গোধূলির আঁধার যখন মাথার উপর চাঁদোয়া মেলে ধরে
আর রাত দুপুরের আবদার যখন একে একে হাতছানি দিয়ে উকি দেয়
মনের দৃশ্যপটে তখন আমি আমাকে বিছিয়ে দিই বেলাভূমিতে ,
নুড়িপাথর আর নোনা জলের কলরবে , আবছায়া কালো প্রতীক্ষায় ...

শনিবার, ৩০ মার্চ, ২০১৩

মগজ জুড়ে শব আর শহরের মৃতদেহ



একটি ছোট পিড়ির উপর এক প্যাকেট মস্তিষ্ক ,
তাতে রাস্তার ধারের ভাজা ডালমুট আর ঘামেভেজা রুমালের নিঃশ্বাস ,
লাল আগুনের উপর কালো কড়াইতে তপ্ত বালির বুকে ,
বাদামের দলের তীক্ষ্ণ আর্তনাদ আর তোমার আর তোমার প্রেমিকার
নরম হাতের আঙ্গুল ওদের আবরণকে বিদীর্ণ করে নোংরা করে তোমাদের জুতার তল ।
তোমাদের প্রেম , কাম, স্বার্থ আর স্বপ্নের বুলি আউড়ে যাওয়া চোয়ালের ভেতর ভেঙ্গে
ক্লান্ত ক্লান্ত হয় আর মিশে যায় তোমাদের লালারসে ।

একটি ছোট টুলের উপরে এক গ্লাস মস্তিষ্ক ,
এক কোণায় সিগারেটের আ্যশ-ট্রে , তাতে কোন বৃদ্ধ ফুসফুসের যুবকের
মৃত ফুসফুসের কণা , তারও পাশে তিন মাস আগের এক রংচটা ম্যাগাজিন ,
সুন্দরী মডেল আর চটুল প্রেমের সস্তা গল্পের পরিহাস ,
মেঝেতে এক সিঙ্গারার ঠোঙ্গা , উচ্চ মাধ্যমিক সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা ,
আর তোমার আর তোমার প্রেমিকার এবং তোমাদের অভূমিষ্ঠ সন্তানের এথিক্স
এভাবেই ঘুরতে থাকে ফি- শতাব্দী , তোমাদের ঔরসে আর জঠরে ।

একটি ছোট টেবিলের উপর এক প্লেট মস্তিষ্ক ,
তার পাশেই তোমার পরিবারের এঁটো খাবারের বাসন ,
তরকারির ঝোল লেগে সাদা কাপড়টা ভীষণ নোংরা আর তোমার
দাঁতের ফাঁকে আটকে মাংসের এক কণা । তোমার বউয়ের মুখে দামী প্রসাধনী প্রলেপ ,
তোমার ছেলের বালিশের তলে এক প্যাকেট সিগারেট আর ...
তোমার হাতের তেলো এখন দশ ইঞ্চি পুরু, আর আমার সস্তা পাঁচ টাকার কলম ,
ভাঙবেই - তার সন্দেহ নেই কিংবা এক কাপ ব্ল্যাক কফি আর রাস্তার পাশের টঙের চা ,
যেই হিসাবগুলো আমাদের আর তোমাদের কখনই মিলবে না ।

একটি ছোট বালিশের উপর রাখা এক মাথা মস্তিষ্ক ,
তার নিউরনে অমানুষের জন্ম আর মানুষের মৃত্যু আর নগ্ন শহরের ধ্বংস স্তূপের
শেষ বাড়ির শবযাত্রা , তার একরাশ ঘিলু কিলবিল করে উঠে প্যাচপ্যাচে কাদায় ,
আর মার্সিডিজের ধাক্কায় থেঁতলে পিষে থাকে সরকারি ওই বড় রাস্তায় ।
আমার মগজ জুড়ে শব আর শহরের মৃতদেহ , আর কচি কচি ঘিলুময়
বিযোজক ব্যাকটেরিয়ার আর্তনাদ আর হাহাকার !

বুধবার, ২৭ মার্চ, ২০১৩

বিপ্রতীপ



যতটুকু বছরের প্রথম বৃষ্টিভেজা জলকে দুহাতে আলিঙ্গন করে পাওয়া ,
তারও বেশি চোরাবালির টানে হারিয়ে ফেলা ।
যতখানি আলো , তার আরও বেশি অন্ধকার ছায়া ,
যতখানি আসল ,তারে পিছন থেকে আঁকড়ে ধরে কায়া আর মায়া ।

যতটুকু সকালের স্নিগ্ধ আলোকে পরম মমতায় দু'গালে চেপে ধরা ,
তারও বেশি মধ্যাহ্নের সত্যি উত্তাপকে ভ্রূকুটিতে দূরে ঠেলে দেওয়া ।
যতখানি সুর , তার মাঝেও বাজে অসুর ,
যতখানি হলুদ , তার মাঝেও থাকে সরষে ফুলের ভূত ।

যতটুকু বসন্তের বাতাসকে বুকে আগলে রাখা,
তারও বেশি শীতের কুয়াশায় নিজেকে হারাতে না দেওয়া ।
যতখানি ঠিক , তার আরও বেশি ভুল ,
যতখানি স্মৃতি , তার নিঃস্ব একটি ফুল ।

যতটুকু অর্ধমাসের সঙ্গী চন্দ্রের প্রতীক্ষা ,
তারও বেশি বার মাসের সাথী শুকতারাকে না চেনা ।
যতখানি ফাঁক , তার আরও বেশি ফাঁকি ,
যতখানি নীল , তার মাঝেও গরমিল ।

যতটুকু রঙিন স্বপ্নকে দিবারাত্রির কাব্য করে নেওয়া ,
তারও বেশি অতীতের দুঃস্বপ্ন থেকে পালিয়ে বাঁচা ।
যতখানি ঘর , তার থেকেও বেশি বেঘর ,
যতখানি গড়ে নদী , ভাঙ্গে তারও বেশি ।

যতখানি কাঁচা ঘুমকে নিবিড় ভালবাসায় জড়িয়ে ধরা ,
তারও বেশি বিক্ষিপ্ততার মাঝে ডুবে যাওয়া ।
যতখানি বাস্তব , তার থেকেও বেশি হ্যালুসিনেশন ,
যত বড় চিন্তা , তারও অসামান্য বাস্তব ।


যত ধনাত্মক , ক্রমে হয় শূন্য , সম ঋণাত্মকতায় ,
যত অসম্ভব কাব্য ভাঙ্গা -গড়া আর অসমাপ্ত সমাপ্তির আলাপিতায় ...

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

বিষমানুষের গল্প


বিষ ছুঁয়ে ছুঁয়ে আমার হাত আজ নীল,
মটরের খোসা ছাড়িয়ে কখনো উপবৃত্তাকার মটর দানা
তুমি খুঁজে পাবে না ।
যে গোলকধাঁধার ভুল-ভুলাইয়ায় তুমি তোমার সচেতন অতীত,
অবচেতন ভবিষ্যৎ আর অচেতন বর্তমানকে একই পাল্লায় মাপো
তার মানদণ্ডের কাঁটাটিই বাঁকা, যদিও তুমি পৃথিবীর সেই প্রথম দিন
থেকেই তা সোজা দেখছিলে তোমার ঐ বক্র উত্তল লেন্স দুটি দিয়ে ।
কখনও বৃষ্টির সেই জলধারা যা তরল হয়ে নিচে নেমে আসে
তাকে প্রবল উত্তাপের দহনে বাষ্প হয়ে মেঘের সাথে মিশে যেতে দেখনি ।
তুমি অখণ্ড আকাশ দেখতে চেয়েছিলে অথচ তোমার দৃষ্টিসীমা
খণ্ডিত ঐ দিগন্তরেখাতেই । তুমি নদীর জলের রপোলি জোড়া ইলিশ
তোমার জালে বাঁধতে চেয়েছিলে ,অথচ এক বুড়ো ধাড়ি ইঁদুরের পোক্ত
দাঁতের ধারে সেই জালের সমগ্রতা এক বিশাল শূন্যতা ।
তুমি আগুনকে বাঁধতে চেয়েছিলে একগাছি কাঁচা সুতা দিয়ে
তাতে আধপোড়া ম্যাচকাঠিগুলোই পুড়ল কেবল নতুন করে ।
সবুজ নক্ষত্র আর ছিটকে পড়া ধূমকেতুর দল চন্দ্রপ্রেমীদের হলদে
প্রেমের আঠায় আটকাতে পারে না । ভাসমান কচুরিপানার শিকড় আর
জলের তল খুঁজে পায় না । আ্যন্টিক্লকওয়াইজ ঘূর্ণনে কেবলই উন্মোচনের
শিখিয়ে দেওয়া তত্ত্ব আর তা বদলে দিয়ে বাদুড়ের দলকে সভ্যতা শেখাতে পারবে না
তুমি কখনোই ; ওরা বরাবরের মতই ঝুলবে উলটো হয়ে ।
তবু পারলে মনে করো পশ্চিমে উঠা সেই নীল সূর্য আর '' বিষ মানুষের গল্প ''
যাদের ঘূর্ণন ছিল অনির্ণেয় ... আর যারা ছিল অজস্র মৃত্যুর কেন্দ্র ।
তুমি মনে করো, আমি মনে করাচ্ছি ...

বুধবার, ১৩ মার্চ, ২০১৩

শ্বেত পাথরের কথা



বহুদিন এই ঘাটে পা পড়েনি তার,
বহুদিন কথার প্রাঙ্গণ ছিল ক্ষুধার্ত ,
বহুদিন হিসেব মেলেনি ছেঁড়া খাতার অংকগুলোর,
বহুদিন রাত আলো হয়ে দেখা দেয় নি ।

বহুদিন জমে আছে মৃত শ্যাওলা ঘাটের প্রথম সিক্ত ধাপে ,
বহুদিন পথ পিচ্ছিল ছিল স্যাঁতস্যাঁতে সিক্ততায় ।
বহুদিন কথার ঝুড়ি ভরে উঠতে পারেনি নতুন কথার ফুলে,
কারণ পুরোনো কথাগুলো ভাষায় সেজে উঠবার পায়নি অবসর ।

বহুদিন একটা ছোট অশ্বত্থের চারা আঁকড়ে বেঁচে আছে
ঘাটের একটি সরু ভঙ্গুর খাঁজ ,
বহুদিন ধরে ঘাটের সোপান ভেঙেছে জলকেলির তীব্র খেলায় ,
বহুদিন ঘাটের পানিতে তার পা ভিজে নি , সিক্ত এলোচুল গড়িয়ে
জলের কণা আর কারও হাতে, কণ্ঠে সুর তোলেনি ।

এমনি করে বহুদিন ...
তারপর বহুদিন পরে হঠাত বসন্তের এলোজল-হাওয়ার মাতোয়ারায়
ধুয়ে গেল ঘাটের সমস্ত ক্লান্তি, শ্রান্তি আর ধুলো ...
প্রতীক্ষায় না বহুদিনের নিত্যতায় ?