বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

সবার সাথেই "একা"

মাংসের নিচেই এ শরীরের যত না অস্থি ;
তার সাথে থাকে কোনদিন এট্টুখানি মগজ,
আবার কোন কোনদিন থাকে একটি মন ।

দেয়ালে ফুলদানীগুলো আছড়ে পড়ে নারীর হাতে
আর পুরুষের মদের নেশা মিটে না ;
এবং কেউই তার সেই একজন কে খুঁজে পায় না
তবু তারা খুঁজতে থাকে - শরীরের ভিতরে এবং বাইরে ।

মাংসের নিচেই এ শরীরের যত না অস্থি ;
কিন্তু শরীর খোঁজে শরীরের থেকেও বেশি কিছু ।

কিন্তু,
একক ভাগ্যে বন্দী হয়ে থাকার বাহিরে দ্বিতীয় আর কোন সুযোগ হয় না।
এবং কেউই তার সেই একজন কে খুঁজে পায় না

এরপর একদিন
শহুরে ভাগাড় ভরে উঠে,
আস্তাকুঁড়েরাও ভরে উঠে,
এই শহরের যত সমস্ত পাগলাগারদ, হাসপাতাল, কবরস্থান, শ্মশান -
সমস্তই একদিন ভরে উঠে।

তবুও কিছুই পূর্ণ হয় না।


Original Poem: Alone With Everybody
Writer: Charles Bukowski

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

I like you calm

তার নীরবতাই আমার পছন্দ , যেন মনে হয় আজ সে আসে নি ,
বহুদূরের আমাকে সে শুনতে পায় , আমার কণ্ঠ তাকে স্পর্শ করে না ।
মনে হয় ঘুম তার চোখের পাতায় উড়ে এসে বসেছে :
কোন চুম্বন তার ঠোঁট দুটো কে বেঁধে দিয়েছে ।
এ সবকিছুই আমার আমি দিয়ে পূর্ণ ,
আমার পূর্ণতা থেকে তার আসা ।
সে আমার গভীরে প্রজাপতির স্বপ্নের মতন ,
কোন বিরহ ধ্বনির মতন ।
তার নিশ্চুপ কথাই আমার পছন্দ , যেন সে কোন দূরে ,
আমার মৌনতায় প্রজাপতিদের শব্দের মতন ।
বহুদূরের আমাকে সে শুনতে পায় , আমার কণ্ঠ তার কাছে পৌঁছায় না ।
তাহলে আমাকে বরং নীরব হতে দাও , নিশ্চুপ হতে দাও তার নীরবতায় ।
আমাকে তার নীরবতার সাথে ভাগ করে থাকতে দাও ,
আলোর স্বচ্ছতায় , চক্রের পুণ্যতায় ।
সে রাতের মতন , নীরব , জমাট
তার নীরবতা দূরের নক্ষত্রের মতনই , ধ্রুব
তার নীরবতাই আমার পছন্দ , যেন মনে হয় সে আজ আসে নি :
বহুদূরে , বহুদুঃখে যেন সে আর নেই ।
এমুহূর্ত খানিতে একটুকু কথা , একটুকু হাসি ,
শিহরিত হই আমি তবু ভেবে যে : এমন টা হবার ছিল না ।

মূল কবিতাঃ Me Gustas Cuando Callas ( Pablo Neruda )

বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

গল্পের ফেরিওলা

তিনটি শহরে আমি নারী বন্দনা গেয়েছি ,
কিন্তু ও সব যেন ঘুরেফিরে একই রকম ;
তাই এখন আমি রৌদ্রের গান গাইবো ।

ঠোঁটে করে নিয়ে শব্দের সাথে খেলা হয় তোমার ,
স্বপ্ন , শব্দ - যেন কোন রত্নের মতন ,
প্রাচীন কোন দেবতার অদ্ভুত উচ্চারিত মন্ত্র ,
রাত, কাক কিংবা কোন প্রলুব্ধি নয় ;
আমার এ গানের প্রাণ বরং অন্য কিছুতে ।

সেইসব নারীদের চোখ , স্বপ্ন , ঠোঁট ;
কিন্তু রাত ফুরোবার সাথে সাথে
তাদের কোন স্মৃতিই আমার পথে সঙ্গী হয় না ।
তাদের শরীরে , আমাদের মিলন বিস্মৃতিতে
একটিবারের জন্যে হলেও টুকরো স্মৃতিগুলো
বাতাসে ভেসে আসে , দীর্ঘশ্বাসে বলে , " তুমি ,
তোমার ভাঁজ পড়া চোখ ,
উচ্চকিত হাসি ,
অমন সাহস ( বিদ্রুপিত ) ,
তোমার মতন আরও অনেকের মধ্যে কঠিন তুমি , ঠুনকো তুমি ,
রৌদ্রে বীণা হাতে সেই পুরোনো পথে হেঁটে বেড়ানো তুমি , রইতে ?
রইতে তুমি এইখানে ? "

বছরের কোন ক্বদাচিত দিনে গল্পের ফেরিওলাকে নিয়ে
তাদের নিজেদের মধ্যে কথা হয় :

" গল্পের ফেরিওলা ? " " ও সেই বাগদিয়া বাসী ,
সেই গানওলার কথা বলছ ? "
" হ্যাঁ সেইই , একদিন আমাদের এই পথে গিয়েছিল , "
" ও সেই রসিক যুবকটি "
" কিন্তু আসলে তো সে এইসব ভবঘুরেদেরই একজন , "
" ওগুলো সত্যিই তার নিজের লেখা গান ?
নাকি অন্য কারুর যেগুলো সে প্রায়ই গেয়ে থাকে ? "
" কিন্তু তাই বলে সে সত্যিই তোমাদের শহরেও এসেছিলো , বলছ ? "

" জানি না , ঈশ্বরের ইচ্ছা , হয়ত বা ,
কিন্তু তোমাকে যা বলছি ওর গোপন কথা সেসব যদি প্রকাশ করো
তবে তুমিও ওর মতনই নিঃস্ব হবে - বলে রাখলাম । "

তিনটি শহরে আমি নারী বন্দনা গেয়েছি ।
কিন্তু সেইসব প্রশংসা কথা ঘুরেফিরে একই ।
তাই আমি আজ রৌদ্রের গান গাইবো ।
... উহ ? ... সেই নারীদের প্রায় সবারই চোখ ছিল ধূসর ,
যেন একই রকম , আমি তাই রৌদ্রের গান গাইবো ।

হে সূর্য পুরুষ , পথের-গানে , হাসিতে ,
মেঘে আর বৃষ্টিতে আমার পথ ভরে উঠুক ।
রৌদ্র-কাননে যাবার সে হোক আমার নতুন পথ !

তিনটি শহরে আমি নারী বন্দনা গেয়েছি
সেসব বন্দনা ছিল একই রকম ।

আমি তাই স্বর্গের নীলাভে পাখিদের গান গাইবো ,
সমুদ্র থেকে ঝড়ে পড়া মেঘেদের গান ।

মূল লেখাঃ Cino
Written By: Ezra Pound

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬

কীভাবে ? পারলে না !

কীভাবে ?
পারলে না !

অনেক ঝড়ের পরের একটি দিন ।
আলোর কণা , জুড়ে জুড়ে মিশছে ;
আকাশ জোড়া স্বর্ণরেণু ; বাবলার ফুলে বৃষ্টির প্রথম চুমু ।
জানতাম আমরা দুজনেই , এই সপ্তাহের যে কোন একটি দিনেরই হবার কথা ছিল ।
এখন যখন জানিই , তুমি আর নেই ,
তখন দরজায় গিয়ে দাঁড়াই , গলির এমাথা থেকে ওমাথা জুড়ে দেখি
কী নিদারুণ রৌদ্র , মেঘেরা জড়ো হয়েছে দিগন্ত জুড়ে ;
ভাবি আমি : কোন ভাবেই আজকের দিন না হয়ে পারত ?
অন্য ঘরে মহিনের ঘোড়াগুলি গাইছে , টম প্যাক্সটনের ,
" এত চাওয়া নিয়ে কোথা যাই ~ " , খুবই মৃদুমন্দ ,
ঠিক যেন কোন অতীত হেমন্তের মাঠের ধারে বসে
কৃষকের ধান কাটার শব্দের মতন । মৃদুমন্দ ।
ঘাসের বুকে শুয়ে থাকি ,
তারপর আজ খুব সকালে হয়ত হাঁটতে হাঁটতে , অন্ধকারে
এইসব ক্রমাগত সাফল্য আর নারকোটিকের ব্যর্থতায়
নিজেকে সম্পূর্ণ ক্লান্ত করে খুঁজে পেতে ।
রোজ বছরের যন্ত্রণা আর হতাশা হয়ত নারকোটিকের বিবর্ণ আস্বাদনে
ক্ষণিক স্বস্তি গড়ে নিত ।
এখন প্রথম আলোয় দেখা এ পৃথিবীকে , যেই পৃথিবীকে ভালোবেসেছিলাম
দেখতে পাই , এভাবে চলে যাওয়ায় , না থাকায় ক্ষতি কিছু নেই ।
এবং আমার প্রস্থানে প্রিয়তম মানুষ কে রেখে আসি একটি স্বর্গের দিনে ।
তারপর সূর্যের কাছে এসে নিজেকে কি একটু হারিয়ে ফেলি ?
কীভাবে ভালো না থাকতে পারি ,
এই শেষ কটি দিনে যখন আমার প্রাণের সবখানি কথা তাকে বলা হয়ে গেছে ,
সেও প্রাণের সব কথা গিয়েছিলো বলে , এবং আমার নীরবতায় কোন শব্দ
বাকি ছিল বলে তার ভুল হয় নি ।
কীভাবে নিজেকে না হারিয়ে থাকতে পারি সেইসব দিনে
যখন সে ঠিক আমার পাশে , তার বাহু আমার সমস্তটা জুড়ে ,
ঠিক যেমন ছিল , যেন এমনটাকেই সমস্ত জীবন বলে মনে হয়েছিল ?
কিভাবে একবার আমার চিবুক তার চিবুক কে না ছুঁয়ে থাকতে পারত !
কিভাবে না পারতাম ! যখন জানলা জুড়ে সবটুকু আলো ,
আমাকে ঘিরে ও , এবং কেবলই দূরের একটা সিঙ্গেল ইঞ্জিনের প্লেনের শব্দ ,
এতটাই দূরত্বে যা কেউ শুনতে পায় না ?

মূল কবিতাঃ How Could You Not
Written By: Galway Kinnell
For: Jane Kenyon

[ কেনো পারলে না তুমি পাগল হতে আমার সাথে অমন কোরে ? ]

শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬

মুক্ত মানুষ আর সমুদ্রের কথা

মূল কবিতাঃ L'Homme et la mer - Charles Baudelaire

মুক্ত মানুষ ! সমুদ্র তোমার কত কাছের !
জল তোমার আয়না , তোমার মনের নিকটের
অন্তহীন উন্মত্তে তার ঢেউ ,
তার মনে যে দাগ সে কি কম কাছে ?

জলমগ্ন গভীরতার অতলে তোমার যে ছবি ;
তবু চোখে আর আলিঙ্গনের যে ভাষা ,
তোমার গভীর যে ভাষা সেও কিনা কখনো কখনো
ঢেকে যাবে আদিম সেই অপরাহত গভীর শোকে ।

তুমি এবং সেই তুমি , আঁধারে , গোপনে এবং গভীরে  :
তবু , তোমার সেই অতলে আজও কেউ পৌঁছায়নি ,
হে সমুদ্র , কেউ জানেনি সেই গভীর সম্পদ কে ,
ঈর্ষান্বিত তোমরা দুজনেই সেই গভীরতাকে অতলে রাখতে !

তারপর অশেষ সময়ের পথে হেঁটে ,
অকরুণ , নির্দয় সে লড়াই ,
অজেয় পাওয়ার শেষে যার আনন্দ :
আহ মুক্ত মানুষ ! ধ্রুব হোক তোমার শত্রুতা ! 

বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬

ছড়া

পানকৌড়ি আর শিকারীর তাড়ানো মুহূর্ত থেকে আসি , 
হঠাতই আসি 
নিশিন্দা-গুচ্ছে  জোনাকের মতন জ্বলি , 
তারপর উপত্যকা থেকেই ঝড়ে পড়ি । 

ত্রিশ পাহাড় পেরিয়ে আসি , 
কিংবা শৈলতেই  হারিয়ে পড়ি , 
কুড়ি গাঁও বাদে , একটি ছোট্ট শহর , 
আর আধা শতক সাঁকো । 

শেষ পর্যন্ত যেখানে ওর মাঠের ধারে বয়ে চলি 
উদ্বেল নদের সঙ্গিনী হতে ,
যদিওবা সে আসে এবং যেতেও পারে চলে , 
তবু আমি যাই বয়ে । 

এখন পাথরের সাথেই বাজে বকি , 
ধারে আর ত্রিগুণে , 
ঘূর্ণায়ু সমুদ্রে ডুবে মরি , 
আর নুড়িপাথরের সাথ বকবক করি । 

অনেক ঢেউয়ে আমার পাড়ে আমি ক্ষয়ে যাই 
বহু মাঠে আর অনাবাদী জমিতে , 
আর বহু আকাঙ্ক্ষিত অন্তরীপে
শেষাবধি আগাছাই জেগে রয় । 

তাই আজ বয়ে যাই আর কল্লোল করে বাজে বকে যাই ,
উদ্বেল নদের সঙ্গিনী হতে ,
যদিওবা সে আসে এবং যেতেও পারে চলে , 
তবু আমি যাই বয়ে । 

বাতাসের মতই বয়ে যাই , ভেতরে ও বাহিরে , 
এখানের প্রসূত জলযাত্রায় , 
হয়ত বা এক ঝাঁক কইয়ের দল । 

মাঝে আমার শরীরে বিন্দু বিন্দু জলকণা 
যখন আমি পাথরের উপর ঢেউয়ের মতন ভেঙ্গে যাই , 
আর সেই ভেঙ্গে পড়া জলকণাদের সাথে করে চলি  
উদ্বেল নদের সঙ্গিনী হতে ,
যদিওবা সে আসে এবং যেতেও পারে চলে , 
তবু আমি যাই বয়ে । 

ঘাসের ফুলে লুকিয়ে ,
পিপুলের পাতায় আড়াল করে ,
তুলে নিলাম কয়েকটি নীল শেরামণি বা জোনাক ফুল  
যা জন্মেছিল সুখী প্রেমিকদের জন্য । 

আমি আছড়ে পড়ি , ভেঙ্গে পড়ি , বিদগ্ধ হতাশায় তাকিয়ে রই , 
আমার বাহিরে , 
তবু দুহাতে মুঠি মুঠি রৌদ্র বুলিয়ে দিই  
আমার এসমস্ত ক্ষতে । 

এক অদ্ভুত অস্থিরতায় জেগে রাতের নক্ষত্রদের সাথে কথা কই ,
নিজের ভেতরে রাত বাড়ে , 
আর সময়দের সাথে বাড়ে দূরত্ব ।

এবং আবারও আমাদের চিহ্ন এঁকে বয়ে চলি , 
উদ্বেল নদের সঙ্গিনী হতে ,
যদিওবা সে আসে এবং যেতেও পারে চলে , 
তবু আমি যাই বয়ে । 


ভাবানুবাদঃ মূল কবিতাঃ দ্য ব্রুক - আলফ্রেড লর্ড টেনিসন 

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

J’ai tant rêvé de toi

[০]
আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে তুমি
তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছ
এখনও কি সময় আছে তোমার জীবন্ত শরীর স্পর্শ করার
এবং যে ওষ্ঠ থেকে আমার অতি প্রিয় স্বর জন্ম নেয় সেখানে চুম্বন দেওয়ার ?...

[১]
আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে
তোমার ছায়াকে ছুঁতে গেলেই আমার দু' বাহু বুকের মাঝে
আলিঙ্গন পেয়েছে ; অথচ আসল তুমি হলেই সমস্ত বিবশ ।
অসংখ্য দিনে আর বছরে যার তাড়ায় যার ছায়ায় কাটিয়েছি ,
নিশ্চিত আমারও ছায়া হবারই কথা ছিল ।

অনুভূতিদের দাঁড়ি , কমা , প্রশ্নবোধক ?
 
[০]
আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে হয়তো
আমার পক্ষে আর জাগাই সম্ভব হবে না
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোই, আমার শরীর সব রকম জীবন ও ভালোবাসার জন্য উন্মুক্ত ...
আমি তোমার ভুরু ছুঁতে পারি, ওষ্ঠ ছুঁতে পারি এত কম ...
আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি, হেঁটেছি , কথা বলেছি ।
শুয়েছি তোমার ছায়ার সঙ্গে ...

[১]
যে আমার জন্যে না থাকার মধ্যে আরও না হয়ে থাকা ছাড়া আর কিছু  নেই !
তোমার সূর্য ঘড়ির 'পরে আসা-যাওয়ার ছায়ার থেকেও আরও গভীর ছায়া হয়ে রই ,
আমি !


[মূল কবিতাঃ  J’ai tant rêvé de toi , Robert Desnos ]
[ সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর 'ছবির দেশে কবিতার দেশে ' বইতে কবিতাটির কিছু অংশবিশেষ অনুবাদ করেছিলেন , সেগুলো জোড় চিহ্নিত [০] আছে , আর বাকি যেই অংশটুকুর অনুবাদ করা হয় নি , বিজোড় অংশগুলো [১] সেগুলো করার চেষ্টা করলাম... ] 

রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

চত্বর

(১)
উড়ে যাওয়া সিগারেটের ধোঁয়ার মতন মিলিয়ে গেছে ,
ঘাসে বসা সবুজ চুড়ির ইচ্ছা
যখন তখন লেগে ভেঙ্গে যাচ্ছিল একেকটা করে লাল চুড়ি
উড়ে যাওয়া পাখিদের মাথায় নিয়ে এক রকম ব্যর্থ জীবন যাপন ।

(২)
সেই ভোরে কুয়াশায় আগুন লেগে গেলো
দাবানলের চাদর গায়ে জড়িয়ে সে এক ভোর দেখতে জেগেছিল ,
পথে বেরুলেই বারবার কিছু দেখার ব্যর্থতা উঠে আসছিল
তাই আর কোনদিন তাদের দেখা হয় নি ।

(৩)
জল ধারে পা ছোঁয়াবার ক্ষণে জিজ্ঞেস করেছি
মনে পড়ে তোমার কথা ? - না তো ,
তবু তোমাকে ভেবেই এ জলে পা ভিজল না ।
ব্যর্থ রোদ্দুর কাঁধ ছুঁল , তবু চুলে উত্তাপ উঠল না ।
তাই ঘরে ফিরে তোমার জলে ভেজা শীতল হাত
আমার তপ্ত কপালে ছোঁয়াবার গল্পটা ঠিক জমল না ।

(৪)
আজ চত্বরে এক মুঠোও লোক নেই ,
তাই পড়ে থাকা বাদামের খোসা তুলি
আর প্রতি হাত দূরে থাকা রৌদ্রকে মেপে ফিরি ,
হঠাৎ বাদামের খোসার মতন হুড়মুড় করে সব মানুষ গুলো গুড়িয়ে গিয়েছে ,
এ চত্বর তাই আজ বড় খাঁ খাঁ  ; আজ বহু আগেই ঘরে ফেরা যেত
কিন্তু চায়ের গল্পে মদের বানান ভুল করে
আজ থেকে রাতে  আমার আর ঘরে ফেরার দরকার নেই ।

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

Where do we draw the line

হাতের রেখায় হাত রাখতে না পাওয়া কথা
নীরবতার ভাষায় তবু বদলাবে না যে সত্য
তোমার চোখের রুদ্র অন্বেষা খুঁজে পেতে চায় আমায় ,
পথে ?

তবে কখন কীভাবে কে বলে দেবে সে সময়ের কথা -
যখন আমরা অপেক্ষা থেকে সরে দাঁড়াই !

কালকের কথায় কোথায় থাকবো আমি ?
আজকের দেখায় কী আসবে যাবে !
যদি এর কিছুই আমার চাইবার না হয় -
তবে বলো কোথায় আঁকি  আমাদের চিহ্ন ?

রোদের নাচে,  পথের ছায়ায় --- যে কবিতা
কেবল তুমি-আমি ছাড়া  শোনেনি  আর কেউ,
তোমার পায়ের চূড়ায় একাকীত্ব
এখনও যে খাঁচার পাখি ---

তাই সব ভাঙ্গনের আগে ,
ক্ষুধিত ভালোবাসা জন্মানোর আগেই
আমরা বরং অন্য কেউ হই ।

যদি নিজের চাওয়াতেই না পাবো ,
তবে বলো কোথায় আঁকি আমাদের চিহ্ন?
যদি এভাবেই চলবার হয়
তখনও বলো আমায়,  কোথায় এঁকে দিই আমাদের চিহ্ন ?

হারায়েছি আমি সেই সুশীতল বাতাস, চিরসবুজ মাঠ ।
হারিয়ে গেছে মায়ের স্নেহ , বাবার সেই বিস্তীর্ণ হৃদয় ;
যেন হারায়েছি সূর্য কে , বিবর্ণ ভূমিতে ঘুমায় মাথা রেখে ,
হেমন্তের ঝরা পাতার মতন , যার আর কোন দুঃখ হয় না ।

কাল বরং আমাকে যেখানেই রাখুক ,
তবু আজও আমি এখানেই, আমাদের সাথে ;
আজও আমি বিস্তৄত আমাদের চিহ্ন কে চিনে নিতে ,
তাহলে এই হোক আমাদের চিহ্ন-রেখা । 

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

আর কখনই ? - না!

কথা-রা ঘুরেফিরে আমার কাছেই ফিরে বারে বারে ,
কী চায় ওরা? শরত এলো বলেই না গায়ক পাখি
শূন্য হাওয়া ছিঁড়ে ফুঁড়ে উড়ে গেলো । রোদ্দুর,
সেই একই  রোদ্দুর উত্তরা বাতাসের গুঞ্জন ভরা
পাণ্ডুর গাছগুলোকে আরও তাপিয়ে দিয়ে যায় ।

আমরা তো ছিলাম একা - আমাদের স্বপ্নে ,
সে এবং আমি, হাওয়া এসে আমাদের চিন্তা- চুল
সব নাড়া দিয়ে গেলো ।
তারপর দ্বিধাস্বরে  জানতে চাইলো,
"তোমার সবচাইতে সুন্দর দিন ? আজ?"

মেঘে ঢাকা রৌদ্রের মতন তার সেই কণ্ঠ,
বিচ্ছিন্ন হেসেই আমি উত্তর দিলাম।
কিছু অনুক্ত অভিভূতি

তবে প্রথম "হ্যাঁ" হোক সেইসব কিছুর জন্যে যা আমরা দুজনেই ভালোবেসেছিলাম ।

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

সারারাত কেটে যায় তোর কথা ভেবে

শরৎ যেন বড্ড তাড়াতাড়ি এসে পড়ে ,
রাত্তিরে আমি হেঁটে যাই , একা ,
বৃষ্টিতে উড়িয়ে নেয় , বাতাসে ভিজিয়ে দেয়,
আর তুমি ? আমার বন্ধু তুমি ?

হয়ত তুমি দেখতে পাও পাণ্ডুর চাঁদ
বনের মাথায় ভেসে যেতে ,
হয়ত এখানে খড়ের মাঠে শুয়ে তুমি  
তোমার ঘুমন্ত কপালে ভেজা শিশির জুড়িয়ে আসে যেন ।

হয়ত বা আজ রাতে এখনও তুমি তোমার পথে ,
দূরে , আরও বহুদূরে ,
আপনমনে ক্লান্তিতে নিজের সাথে নিজের কথা বলা ।
হয়ত আমি ভাবছি তোমায় অন্যখানে , অন্যরাতে
শব্দে কিংবা সুর খোঁজার মাঝে !

এবং হয়ত বা তুমি আর নেইই , মৃত ।
তোমার চোখে আর রোদের আলো খেলে না ,
এবং যদি, যদি  আমি তোমায় , বলে দিতে পারতাম
বলা বারণ সে সমস্ত কথা !

কিন্তু তুমি তো আমায় জানো ,
হয়ত তুমি ফিরবে কোন একদিন ,
কোন এক সন্ধ্যার আলোতে হাঁটবে আমার সাথে ।

আর কেউ একজন তার সমস্ত পাগলামি গুলো বলে যাবে
অন্যজন শুনে হাসবে , তখন আর কেউ তাদের ভয় ,
একলা রাত্তিরের কথা ভাববে না আর ।

যেন সেদিন থেকে আমাদের সমস্ত জড়তা আর ভয় টিকবে না ,
 আর ফিরবে না ।

[ ভাবানুবাদঃ Thinking of a friend at night - Herman Hesse ]

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

----

চোখে অনেক দিনের সন্ধ্যে নেমে আসে ; ভেবেছি দেখা হলে বলব , " একটি সন্ধ্যের আকাশ খুঁজে দিও । " অথচ সে আকাশের রং আমার এখনও জানা হয় নি , যে কোন রঙের জন্যে হলেও সে কথা এখনও বলা হয় নি ।
কেবল শব্দে বদলে দিলেই কথার মানে তো কিছু বদলায় নি !
তারপর বহু সন্ধ্যা অবলীলায় এসে আবার যাবে চলে । ট্রিলিয়ন প্রোব্যাবিলিটির একটি অংকের ভুলে হয়ত তাকে জানতে পারা গেল না ।
ফেরার রাস্তায় ভিজে আলোতে সে হয়ত অন্য বাড়ি ফিরবে ।
এরপর এমনি বৃষ্টিজোড়া বিকেল হলে আমি হয়ত আবার সিঁড়িঘরে ধূসর মেঘে দৃষ্টি ভাসিয়ে দিলাম ---- আশায় পায়ের ধ্বনির দিকে কান পেতে থাকি চুপে যদি সে কখনও পিছু এসে দাঁড়ায় ।

সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫

বিক্ষিপ্ত - ১


কবিতা খুঁজে নিলে তোমায়
এবং হারালে বারেবার
তারপর উঠোনে কথাগাছ বুনে দিলে ,
এরপর থেকে শেষ রাতে আর কোন
পাখি নেমে এলো না ।

কবিতার ফুলে ফুলে ভারী হয়ে উঠেছে কথাগাছ ।
এবার কবিতার সাজিতে তুলে না দিলে
আবার অপেক্ষার পরের বছর ।

এতদিনে অভ্যস্ত হয়ে যাবার কথা ছিল ,
যদি কবিতা না দিলে প্রাণে ।

Labyrinths of mutual Nothingness ( পারস্পরিক অনস্তিত্বের গোলকধাঁধা )


আছে , অথচ কেউই নেই ।
তারপর ... ?


অতঃপর তারা ঠিক করল ছায়াসঙ্গী হবে ,
রোজ মাসে একটি করে তারা জমাবে আর,
ঝুলিয়ে দিবে দুই মানুষের মাঝে চুপ করে থাকা
অসীম আকাশে ।


প্রখর রৌদ্রের জাল বুনে তারা একটি দুটি করে বেঁধে দিলে
তারাগুলি । যেন পুড়ে যাওয়া রৌদ্রের সাথে সাথে নিভে যায়
তারাদের বিগত আবেগ ।

ক্ষণে ক্ষণে তারাদের বুকে জ্বলে উঠতে লাগল রাগ 
আর ছেলেমানুষি কথার ভিতরের ব্যাকস্পেসে
ভারী হয়ে ওঠা হলুদ হলুদ কষ্টে ।
কেবল রৌদ্রের রঙের সাথে মিলে গেল বলে
ওরা কেউ দেখেও দেখলে না ।


কথা রইল , একদিন বড় একঘেয়ে লাগলে তারা
ভাগাভাগি করে নিবে তারাগুলো আধেক করে ।
"
তুই বরং ওই হলুদ তারা টা রেখে দে,
তোর দুঃখু করা স্বভাবের সঙ্গে মানিয়ে যাবে । "
মনে মনে , " তাহলে ঐ মাথামোডা তারাটাকেও রেখে দিতে দোষ কি ছিল !"
অথচ তারা কেউই কিছুই বললে না ।
দুজনেই গেলে ফিরে ?

তারপর ...?

একদিন  অনন্ত আকাশের ফাঁক পেয়ে
বাঁশি বেজে উঠত ,
ঐ না-থাকবার গোলকধাঁধায় ।


এরপরের গল্প টুকুন তারা তাদের মতন করে লিখে নিক ।




মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫

জানি দেখা হবে

" প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস
তোমার চোখেই দেখেছিলাম আমার ? "

কখনও তাকাইনি ঐ চোখে,
লুকিয়েছিস তুইও ঐ চশমার ফ্রেমে ।

তবু একবার ঝিরিঝিরি করে হলুদ রাত নেমেছিল বুকে
মৃদু পাগলামির সুখে আর অন্তঃবর্তী অনুপম শূন্যতায় ।


সুর ছেনে এনেছিলি তুই বহু পথ হাঁটি
আমিও নিয়েছিলাম রোদ  মুঠি মুঠি করি ;
সুরে ভাবি কেবল আর অসুরেতে জড়াই ,
কাটাকাটি করে কেবল নিজেদের ভাঙ্গাই ।


হলুদ কষ্টে - সুখে সে রাত জেগে রয় মনে,
আরেকটিবার আসতে কি পারে ফিরে ?
দেখা হবে কি হবে না ...
আবার এ পৃথিবীর পথে !

ওহে হলুদ জুড়ি,
তখন আবারও কি উড়াবি
তোর ঐ হলদিয়া ঘুড়ি  !?

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

ইচ্ছা-ঘুম

বিনিমিত শেষ সুর দুটো পটে তোলা থাক,
একের ইচ্ছায়, দুইয়ের ঘুমে গড়া --
ইচ্ছাঘুম ।

দূরবীক্ষণের দুটো লেন্সে দুজনে উঠে বসি ,
একে অবাস্তব  হয়ে দুইয়ে বাস্তব বিম্ব গড়ে
শূন্যে ।

নীল পাড় খসে গেছে,
খেয়ালের নীল খামে খামখেয়ালি
কথা গোঁজা আছে । এইসব ভার্চুয়াল
তরঙ্গ গাছ কেটে ফেললে
বাতাস বয়ে নিয়ে যাক একটাই সুর,

দেখা হবে ইচ্ছা-ঘুমে , এখনও যে দেখা
হওয়া বাকি আছে ইচ্ছে আর ঘুমের ।  

শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

একাদশী স্বপ্ন

ক্বদাচিত দুই-একটা রৌদ্রের দিন নজরে আসে ।


রাতে ঘুম হলে স্বপ্নের ট্রেইলার নামে , যেখানে
উত্তাল পদ্মার পাড়ে বসলে বৃষ্টি নামে ; সাদা কাগজ
বাঁচাতে মাথার উপরে ধরা ভাঙ্গা ছাতা দিয়ে যখন
চুল ভিজে তখন আর ভাঙ্গা ছাতা নিয়ে মান-অভিমান
হয় না ।     


বৃষ্টিতে প্রতিধ্বনি ভিজে যায় , তাই
স্বপ্ন ছেড়ে ভিজে আসি ।
বাস্তব কে দুইদিকে টানতে টানতে
অট্টহাসি আসে ,
অনেকগুলো গোল গোল মিষ্টি ওষুধ ,
কোন এক নারীকে ( প্রচলিত মা কে )
কপালে জলের ছোঁয়া দিতে পেয়ে
আবার চোখ বুজব ।


এরপর বিকেল চারটায় আবার সাদা
দেয়ালে রৌদ্রকে পিছলে যেতে দেখব ।
সেবার যেন কেউ এক কাপ চা হাতে শুধোন,
"তোমার তো চায়ে বমি হয় ,
আমার সাথে খেয়ে দেখবে এক কাপ ? "

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

সফেদ খাম ?


তার নিজের হাতে নীল রং করা , নীলাকাশ বা
নীল সমুদ্দরের নীল না ; নিজের প্রথম রংবাক্সের
সেই খয়ে আসা এবড়োথেবড়ো রংপেন্সিলের নীলে ,
দু-হাত নীলে রাঙিয়ে , বাবার ড্রয়ারে পাওয়া সফেদ
খামটাকে মাখিয়ে গড়া তার প্রথম ও শেষ নীল খাম ।
কয়েক টাকায় কেনা যেত আনকোরা নতুন খাম ,
তবে কিনা তা নীল করে রাখা যেত না , নীলাকাশ
মেঘলা হলে , বৃষ্টি নামলে ,নীল সমুদ্রে ঝড় উঠলে
তাকে যে আর চিরন্তন নীল দেওয়া যেত না ,
উত্তাপে নীল , আর্দ্রতায় নীল, শুষ্কতায় নীল , ঘামে নীল ,
হিমে নীল , বিষে নীল , সুখেও নীল----
যেত দেওয়া ?

তাই আটপৌরে নীল হাতে গড়ে দিল নীল রং
একখানা সফেদ খামে ।

নীল খামের দুটো এক ; তার প্রেরক --- নীলরঙা হাত তার,
আর একটি ঠিকানা ...
মানুষের কিংবা ঘরের । সেই একটি মানুষ কেবলি তার ঘর পাল্টায় ,
বা সেই একটি ঘরে সেই মানুষটি আর থাকে না ।
তাই নীল খাম আর ঠিকানায় পৌছে না ;
নীলরং হাতে নিয়ে মনে তার প্রশ্ন জেগেছিল ,
ঠিকানা খুঁজে পেতে পেতে তার নীলখাম সফেদ হবে না তো ?

না,
সেই নীল হাতে গড়া নীল খাম সফেদ হবার নয় । 

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

বন্ধুকে লেখা চিঠি

ভেবেছিলাম তোকে একটা শারদ কবিতা লিখব ,
তা মুখে পুরলেই ঠোঁট ভিজবে মিঠে সুপুরির ঘ্রাণে
আর চন্দ্রপুলির রসে ।
এক পাখি জল্পনা আর দুই পাখির ঝগড়ায় ,
ঘাটের শেষ ধাপে দুজনে বসব জলে পা ভিজিয়ে ,
চোখের সামনে দুটো ফড়িঙের সুখবাস দেখতে পেয়ে,
সেবার আমি ঈর্ষে করেই বলব," যে জীবন দোয়েলের,
ফড়িঙের তা কেন আমাদের হল না রে ?"


ভেবেছিলাম একদিন রৌদ্র ঝড় ঊঠলে তোকে তোর
মেঘ বৃষ্টির ছায়া থেকে ছিনতাই করে দুজনে মিলে ভর করব
সোনালি ডানার চিলে ।
এক শালিক অমঙ্গল আর জোড়-শালিকের মঙ্গল
আঁচলে বেঁধে তোকে দেখাতাম অর্বাচীন সব কথার জীবন ,
আর চাইব সেবার যেন তুই আক্ষেপ করেই আমায় শুধোস,
"এতদিন কোথায় ছিলিস ?"



ভেবেছিলাম আলো- আঁধারের কাব্যে চকমকি পাথর ঠুকে,
আলো জ্বেলে তোকে দেখাব আঁধার নক্ষত্রের সমস্ত
পরাধীন হরমোনের স্বাধীনতা ।
আর সেদিন তুইও কিছু শুধোতিস না আর
আমিও গড়তাম না কোন আয়না-বিম্ব ।