শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

প্যারাডক্স -১

ভিতরে আজ অভূতপূর্ব অবসর ,
খুব সূক্ষ্ম ভাবে হেরে , স্থূল করে জেতার নয়;
বরং জিতে যাবার হাসি ।
আমার কল্পময়ী তৃতীয় ভুল ,
সাথে কুশলী কুশীলবের কৌশল ।

প্রহসনে প্রবচনে আমার মিথ্যা ,
পাটে পাটে ভাঁজ করা ; নেভা আলোর
অন্ধকারে ভাঙ্গা আয়নায় নিজেকে দেখা ,
অনুতাপে নয়, অহঙ্কারে নয় ,
চপল স্বাভাবিকতায় ।

প্যারাডক্স -২



আজ তোমাকে একটা মিথ্যা কবিতা শোনাই,

আমি বেহিসেবি সংখ্যাপ্রিয় মানুষ এক,
রঙের মাঝে বেগুনী আমার ভীষণ আদরের,
তেমনটা লাল-নীল নয় ।

প্রায় রাতগুলোতে বর্তমান আমি আলোর
বিন্দু খুঁজে অতীত নক্ষত্রদের চিনি ।
প্রবল হতে হতেই তারারা খসে পড়ে ,
আর আমি ওদের কুড়িয়ে রাখি আমার কাঁচ-ব্যাগে ।
যেসব দিনগুলোতে কৃষ্ণপক্ষ বা সূর্যগ্রহণ নেমে আসে,
আমি তখন ঝড়ে পড়া তারা বের করে
হাতের মুঠোয় জ্বালিয়ে দিই ।
আমার হাতে জ্বলে কংকালসার উদ্বাস্তু নক্ষত্র
আর চোখে রাতের আকাশের অতীত তারারা অদেখা ।

চিঠি


মন কে নাম মাত্র গুছিয়ে নিয়ে লেখা
আমার এই চিঠি ,চিঠির পাতায় পাতা
আমার নীল আঁচল আর কথার
ফাঁকে গুঁজে দেওয়া আমার ঘ্রাণ ।
শব্দ আমার , বিম্ব তোমার ;
কাটাকুটি আর রংচটা মাটির
পুতুলের কারবার ।

মিঠে কথাগুলো দিয়েছি তারায় সাজিয়ে,
আর কাঁচাপাকা অভিযোগ গুলো
রূপোর জলে ধুয়ে সোনার কাগজে
দিয়েছি মুড়িয়ে । সেই সাথে আধো
স্বপ্নগুলো বুনে দিয়েছি
তোমার-আমার স্পর্শে ...

এরপর চিঠির পরতে পরতে
দেখতে পাও কাকে ?
শব্দ না আমাকে ?


অনঘ




আমাকে একটা কাঁচি দিও , যাতে আমি
ভবিষ্যৎ ধারার সমস্ত হেলিক্যাল সিঁড়িগুলো
বিচ্ছিন্ন করতে পারি ।
আমার পরিতৃপ্তি , অজস্র ভুলময় পাপের
মধ্য দিয়ে তোমার আমাকে আবিষ্কার
করায় । আর সেদিন যেন আমার ধারণ
দু'হাতে না হয় ।
তারপর সহস্র সেকেন্ড পরও যখন
রূপান্তর শুরু না হয় , আমি দেখতে পাই ,
"কোথাও কেউ নেই ।"
যদি সমস্ত কথা বলা হয়ে যেত তবে
আমাকে কবিতার নামে কথা চালাতে হত না ।
আবার যখন রাত ভোর হবে , ভরদুপুরে
নিজেকে বড্ড বোকা মনে হবে , বিকালে
আমার অভিনয় চলবে আর সন্ধ্যায় সবাইকে
বিদেয় দিয়ে রাতের অন্ধকারে
আমি আমার হব।

মানুষেরা গেছে হারিয়ে


একদিন তুমি নক্ষত্র হবে ,
তখন আর সৌরদিনে বাঁধা পড়বে না তুমি ,
ঠাই নিবে আলোকবর্ষে ।

কালো কী ?
শরীর কী ?
অনুপস্থিতি কী ?
আমি উত্তর খুঁজি না , কারণ,
প্রয়োজন ফুরিয়ে গেছে ;
আমার এবং আমার কাছে ।

আমার কুড়িয়ে রাখা সব তারা
গেছে শুকিয়ে ; তাই আর
আমি ভুল ঠিকানায় খোঁজ নেব না ;
মানুষেরা গেছে হারিয়ে ।

সন্দিগ্ধ সন্দিহান



আমার ভোর এসেছে কিন্তু
সকাল আসে নি । এই ,
আধো আধো নিঃসীম ছায়াবৃত্তে
আমার টুকরো টুকরো অন্তহীন
অপেক্ষা , শূন্যতা
অন্তর্বর্তী ।

স্বার্থ খুঁজে পাওয়া আমার সব অবস্থান
নিঃস্বার্থ । তবু অলি থেকে গলিতে তুমি
নিঃশব্দ কালো বেড়ালের টানটান মেজাজে
পিছু নেবেই । গন্ধটা তোমার নিজের ,
উন্মোচনের নেশায় তাকে নতুন কোন মানুষ
দেখতে পাও তুমি ।

আবার পথ শেষ হলে , আমি ফিরে যাই
পুরোনো দরজাতে ; তাতে যেন অন্তত
ফাঁক থাকে ভেতরের আলো আসবার ,
আমাকে ছুঁয়ে দেখার ।

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

এইসব বেওয়ারিশ শব্দজট বা জোট


যে বিকেলে সব আলো ধ্বসে পড়েছিল ,
প্রথম বিরামের সূত্রপাত কমা দিয়ে
আর তার পরিণতি উত্তুংগ দাড়িতে ।
মাঝে বিসর্গের দুটো শূন্যতায় ভর করে
যেসব বিসর্গ আর শূন্যভাব চেপে বসেছিল
সেইসব রোদ্দুরের ভেলায় ,
তাকে দেখে বিস্ময়বোধে বিস্ময়সূচকতা জাগে
আলোয় ঝিমিয়ে পড়া এঞ্জেলোপুলিসের সেইসব
 উল্টো হয়ে ঝুলে থাকা মৃত ভেড়ার দলের ।
এইসব দিন শেষে আমি যখন নামতে থাকি
আমার ভেতরের ঘুরানো সিঁড়ি বেয়ে আমার ভেতরের
সমতলে , আর আমার চারপাশে ভেতরের আয়না জুড়ে
পরিবর্তনকারী প্রভাবক আর তীব্র রাসায়নিক পদার্থের
ধাঁচে আমার বদলে যাওয়া প্রতিবিম্ব । আমারই অবয়ব
শত সহস্র  । আমারই প্রশ্বাস ভেজা আর্তনাদ আর কতিপয়
প্রতীক্ষাজনিত স্থবিরতা ; যদিও আমি জীবজ , জৈবিক,
যাবজ্জীবন কোন গতিরই নিরীক্ষক নই ,শিষ্য নই ।
আমার বুঝতে পারা নিজেকে না বুঝার , নিজের সংখ্যালঘু
অস্তিত্বের সাথে সংখ্যাগরিষ্ট অস্তিত্বকে মানিয়ে নেবার ,
তবু দিনশেষে নামহীন ক্ষণিকতায় আমিই আমায়
সর্বোচ্চ গ্রহণকারী , সর্বোচ্চ ত্যাগকারী ।